চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১০ জন রক্তাক্ত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে নগরের বাহির সিগন্যাল এলাকায় হঠাৎ সড়ক অবরোধ করেন ব্যাটারি রিকশাচালকরা। এসময় তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এসময় চালকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
আরও পড়ুন : ৩ দাবিতে হঠাৎ আন্দোলনে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকরা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে চালকরা পিছু হটে অলি-গলিতে অবস্থান নেয়। তবে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে চালকরা। এরপর পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সচল হয় যান চলাচল।
জানতে চাইলে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, কয়েকদিনের অভিযানে কয়েক হাজার ব্যাটারি রিকশা, ইজিবাইক জব্দ করেছে পুলিশ। নগরে অন্তত দেড় লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক আছে। কিন্তু এগুলো কোথায় চলতে পারবে, কীভাবে চলতে পারবে তার কোনো নীতিমালা নেই। পুলিশ যেখান থেকে পারছে ধরে নিয়ে যাচ্ছে এবং চালকদের হয়রানি করছে। এটা আমরা মানতে পারি না। আমরা চাই, আমাদের প্রতি সঠিক বিচারটা হোক।
এ বিষয় জানতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিনের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, চলতি এপ্রিলে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চালকদের মধ্যে ক্ষোভ দানা তৈরি হচ্ছিল বলে জানান ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকরা।
আইএমই/আলোকিত চট্টগ্রাম


