বিশ্ব অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরিফ উপলক্ষে চট্টগ্রামের ৫৫ হাজার এতিম শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সন্দ্বীপ, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাড়ে ৯শ এতিমখানা ও হেফজখানার এতিম শিক্ষার্থীদের এ খাবার দেওয়া হয়।
বুধবার ভোরে চট্টগ্রামের ১৪ উপজেলায় রান্না হয় দুপুরের খাবার। সকাল ১১টা থেকে শুরু হয় প্যাকেট করা। এরপর মিনি ট্রাক ও অটোরিকশা করে পাঠানো হয় এতিমখানা ও হেফজখানায়।
এ কর্মসূচির তদারকিতে ছিল মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন পর্ষদের উপজেলা ও শাখা কমিটির কর্মকর্তা ও সদস্যরা।
মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাজাদানশীল রাহেবারে আলম সৈয়দ মো. হাসান মাইজভান্ডারীর নির্দেশনায় এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শফিউল আলম/আলোকিত চট্টগ্রাম


