কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জান্নাত আরা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুরের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ জান্নাত আরা একই এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের মা।
আরও পড়ুন : ধান বাঁচাতে গিয়ে প্রাণ গেল হাতির
জানা গেছে, এদিন রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি এসে শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় দেয়। এরপর তিনি মারা যান।
স্থানীয় লোকজন বলেন, খেত থেকে তামাক পাতা সংগ্রহ করে সপ্তাহখানেক ধরে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাক চাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাকচুল্লি রয়েছে। শুক্রবার রাতে ওই চুল্লিতে তামাকপাতা শুকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি এসে আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। এছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে। প্রায়সময় এই এলাকায় বন্য হাতি হানা দেয়। শুক্রবার রাতেও একদল বন্য হাতি এলাকায় হানা দেয়। হাতির আক্রমণে এক গৃহবধূ মারা গেছেন।
এমকেডি/আরবি


