ইসরায়েলি বাহিনীর অভিযানে একদিনেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। আহত হয়েছেন অন্তত ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বেশি বলে শঙ্কা করা হচ্ছে। কারণ বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের তলায় অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত দুই বছরের অভিযানে মোট নিহত ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহত ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে গাজায় নিষ্ঠুর সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য গত নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়া জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত চট্টগ্রাম

