কোরবানির আগেই ধরা খেল কোরবান, কিনেছিল বালি আর্কেডের সেই মোটরসাইকেল

নগরের চকবাজার বালি আর্কেড শপিং মল থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ক্রেতা মো. কোরবান আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) নগরের সদরঘাট ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল ও ক্রেতাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চকবাজার বালি আর্কেড থেকে যেদিন মোটরসাইকেল চুরি হয় এর আগের দিন মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের পার্কিং থেকেও একটি মোটরসাইকেল চুরি হয়। এর কয়েকদিন পর বন্দর এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে বালি আর্কেড থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি ছিল না।

আরও পড়ুন :ওসি আসার আগে আমাকে ফোন দিয়ে আসবে—প্রবাসীর স্ত্রীর মামলায় খেল ধরা

পরে চকবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আটক চোরদের মধ্যে মো. আবিদ হোসেন শ্রাবণকে (১৭) চিহ্নিত করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বালি আর্কেড থেকে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রেতাকে আটক করে। এরপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

যোগাযোগ করা হলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, চুরি হওয়া মোটরসাইকেলটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বন্দর থানার মোটরসাইকেল চোরচক্র আটকের সূত্র ধরে আসামি ও চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, নগরজুড়ে এমন মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের খুঁজতে ও অপরাধ বন্ধে আমরা কাজ করে যাচ্ছি। আইন অনুযায়ী চোরচক্রের সদস্য আবিদ হোসেন শ্রাবণকে বন্দর থানা থেকে চকবাজার থানায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

এআইটি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm