প্রিসাইডিং অফিসারের কোটের ভেতর ছিল ব্যালট পেপার!

চট্টগ্রাম নগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে ব্যালট পেপার লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ব্যালট পেপার দেওয়া হয়েছে এক ভোটারকে।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের নাম মুনতাসিরুল আলম। তিনি ভোট শেষ হওয়ার আগেই বিভিন্ন বুথ থেকে ব্যালট পেপার সরিয়ে নেন। ফলে অনেকেই দুপুর তিনটার দিকে ভোট দিতে গিয়ে ফেরত আসেন। অথচ নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়ার কথা।

আরও পড়ুন : ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ শতবর্ষী মরিয়ম বিবি

এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার ভোটার রিমন সাখাওয়াত বলেন, আজ (রোববার) কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি ব্যালট পেপার নেই। এসময় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি জানতে চান সাংবাদিক কিনা। এরপর নানা তালবাহানার পর নির্দিষ্ট বুথে যেতে বলেন। পরে ৩টার দিকে তিনি বুথে এসে পরনের কোটের ভেতরের পকেট থেকে ব্যালট পেপারের বইটি বের করেন। এসময় ওই বুথে পোলিং অফিসারও ছিলেন না। পরে তাকে প্রিসাইডিং অফিসারের রুম থেকে ডেকে এনে আমাকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে জানতে প্রিসাইডিং অফিসার মুনতাসিরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm