কী ছিল ফজলে করিম চৌধুরীর ঘরের আলমারিতে

রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি। এর মধ্যে রাইফেল ছাড়া আর কোনো অস্ত্রেরই লাইসেন্স নেই।

রাউজনের গহিরায় ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারি থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) এসব অস্ত্র-গুলি উদ্ধার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারি থেকে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি সব অস্ত্র অবৈধ।

আরও পড়ুন : রাউজানেও ‘আয়নাঘর’—নেতৃত্বে ফজলে করিম

তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় তা অবৈধ হয়ে যায়। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নগরের খুলশি এলাকায় ফজলে করিম চৌধুরীর একটি ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। রাউজানে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ইবাদতখানা ভাঙচুর, অগ্নিসংযোগের দুমামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানার দুমামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক নুরুল আলম হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ফজলে করিমকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন ডিম ছুঁড়ে মারেন। এসময় তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয়। বর্তমানে রাউজান থানার এক মামলায় ফজলে করিমকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জেলা গোয়েন্দা পুলিশ।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm