নগরের ওআর নিজাম রোডের মিম টাওয়ারের ষষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন মাবিয়া খাতুন (৩৭) । গত ২১ জুন কাজ করতে এসে কৌশলে বাসা থেকে ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে। সেই স্বর্ণলংকারসহ গৃহপরিচারিকা মাবিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) রাতে আনোয়ারা উপজেলার বটতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ১টি চেইন ও ২ জোড়া কানের দুল উদ্ধার করা হয়। গ্রেপ্তার গৃহপরিচারিকা মাবিয়া খাতুন আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের আবদুল নবীর মেয়ে।
পুলিশ জানায়, ওআর নিজাম রোডের মিম টাওয়ারে ষষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন মাবিয়া খাতুন। ২১ জুন (মঙ্গলবার) প্রতিদিনের মতো বাসায় কাজ করতে আসে সে। কাজের ফাঁকে বাসার সদস্যদের অগোচরে আলমিরার চাবি নিয়ে ২ ভরি ওজনের স্বর্ণের ১টি গলার হার, ১টি চেইন ও দুই জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন : দেওয়ানবাজারে বাসার তালা ভেঙে চুরি, পুলিশের জালে ২ তরুণী
এ ঘটনার পর বাসার মালিক নাজমুল হাসান বাদী হয়ে মাবিয়া খাতুনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ওআর নিজাম রোডের মিম টাওয়ারের ষষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ জুন কাজের ফাঁকে কোনো একসময় বাসার সদস্যদের অগোচরে আলমিরার ভেতরে থাকা ২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরে গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে গৃহপরিচারিকা মাবিয়া খাতুনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলার সূত্র ধরে মঙ্গলবার রাতে গৃহপরিচারিকা মাবিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। গৃহপরিচারিকা মাবিয়া খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ/এসআই


