চট্টগ্রামের কর্ণফুলীতে জয়নাব বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগিরপাড়ায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাথরুমে ঝরনার পাশে ঝুলন্ত অবস্থায় জয়নাবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানান, ৫-৬ বছর আগে জয়নাব-মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, স্বামী মহিউদ্দিন পরিকল্পিতভাবে জয়নাবকে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
যোগাযোগ করা হলে এসআই সুজন বলেন, খবর পেয়েই মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। মৃত্যুর কারণ তদন্তে পুলিশ কাজ করছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


