দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম। এবার এক লাফে ১৪ টাকা বাড়িয়ে লিটারে দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা। খোলা পাম তেলের দামও লিটারে ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা। এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, আগে যা ছিল ৮৫২ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন : মেয়র চলে যেতেই ১৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
এর আগে গত রোববার (১৩ এপ্রিল) সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নির্ধারিত সেই দাম মেনে নেওয়ার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য উপদেষ্টা জানান, নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা। আগে যা ছিল ১৫৭ টাকা।
এর আগে গত ৬ ও ৮ এপ্রিল তেলের দাম বাড়ানো নিয়ে দুদফা বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর ১৩ এপ্রিল ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার পরপর থেকেই নতুন দর কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।
আরবি/আলোকিত চট্টগ্রাম


