এক লাফে এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ভোক্তা পর্যায়ে বেড়েছে বেসরকারি খাতের এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ২১ টাকা। এ অবস্থায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। আগে ১ হাজার ৫৮৫ টাকা থাকলেও এখন থেকে এটি কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

রোববার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ দিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বাড়তে থাকে এলপিজির দাম। তবে যুদ্ধবিরতি শুরু হলে বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে। গত দুই মাস ধরে দাম ওঠানামার মধ্যে ছিল। কিন্তু এ মাসে আবার বড় রকমের উল্লম্ফন দেখা গেল।

এদিকে গত তিন সপ্তাহ ধরে চাহিদার চেয়ে বাজারে কমেছে এলপিজির সরবরাহ। এ কারণে ১২ কেজি এলপিজির সিলিন্ডার ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দামে বিক্রি করার অভিযোগও আছে।

বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার রয়েছে। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। যা আগে ছিল ১৩২ টাকা ১২ পয়সা।

প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু বিইআরসির নির্ধারণ করা দামে বাজারে বিক্রি হয় না এলপিজি। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা। এর আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm