ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় স্কুলটির অন্তত ৪০ ছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করে।
ফারস নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
একইসঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
আলোকিত চট্টগ্রাম


