ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এ হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। এ অবস্থায় ইসরায়েলকে নিয়ে আমেরিকার প্রতিবেদনে তোলপাড় চলছে।
শনিবার (১১ মে) এ প্রতিবেদনে সামনে আনে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের সময় কিছু ক্ষেত্রে আমেরিকার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এটি ‘মূল্যায়ন করা যুক্তিসঙ্গত’ যে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো ‘অসঙ্গতিপূর্ণ’ উপায়ে ব্যবহার করা হয়েছে।
এদিকে বিবিসি বলছে, শুক্রবার (১০ মে) যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে, সংঘর্ষের শুরু থেকে দেশটি কীভাবে আমেরিকার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনটিতে গাজায় কিছু ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে তিরস্কার করা হলেও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে নিশ্চিতভাবে বলা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইসরায়েলের প্রচেষ্টাকে অসঙ্গত, অকার্যকর এবং অপর্যাপ্ত বলে বর্ণনা করেছে জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ হলো যার কয়েকদিন আগেই প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাফাহতে হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
অপরদিকে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু বলেন, যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। কিন্তু আমাদের নখের চেয়ে অনেক বেশি আছে।
প্রয়োজনে ইসরায়েল একাই লড়াই করবে বলেও তিনি ঘোষণা দেন।
উল্লেখ্য, ইসরায়েলি আক্রমণ ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের আক্রমণের কারণে গত বছরের ৭ অক্টোবর থেকে প্রায় ৩৫ হাজার লোক নিহত হয়েছেন। আহত হয়েছের প্রায় ৮০ হাজার মানুষ।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে ইসরায়েল।
আলোকিত চট্টগ্রাম

