মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩ বসতঘর। আগুনে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকার হামিদ ভূঁইয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- একই বাড়ির মো. সাখাওয়াত, ইমাম হোসেন ও মনির হোসেন।
এ বিষয়ে মায়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দোহা বলেন, মনির হোসেনের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্য আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া রাজনীতিবিদ আবুল হোসেন বাবুল খাদ্য ও আসবাবপত্র পাঠিয়েছেন।
যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিশ্বজিৎ কুমার নাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আশপাশের পরিবারগুলোকে রক্ষা করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
এএ/আরবি


