চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় বিএনপি মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এলডিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ড. অলি আহমদকে ‘রাজাকার’ আখ্যা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি এলডিপিকে লক্ষ্য করে ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ ধরনের উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে।
দলটির দাবি, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ব্যানারে এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এই প্রেক্ষাপটে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বিএনপির মহাসচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানতে চান ড. অলি আহমদের কোন বক্তব্যকে ‘কটূক্তি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং এর সুনির্দিষ্ট প্রমাণ কী।
ওমর ফারুক অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত ছবি ও বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা, মিথ্যা অপবাদ ও উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
কেএ/আলোকিত চট্টগ্রাম


