অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, পাহাড় দখল, মাদক, অস্ত্র ব্যবসাসহ ৩১ মামলার আসামি মো. নুরে আলম ওরফে নুরু (৩৫) অবশেষে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আকবরশাহ থানার এক নম্বর ঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুরু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মৃত ধনা মিয়ার ছেলে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তার পরিবার চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ কলোনির নাছিয়া ঘোনা ১ নম্বর ঝিল এলাকায় বসতি গড়ে তোলে।
আরও পড়ুন : বাজারের ব্যাগে অস্ত্র নিয়ে ঘুরছিল যুবক
পুলিশ জানায়, নুরুর বিরুদ্ধে পাহাড় দখল, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসার অভিযোগে মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক আইনে রয়েছে ১৮টি মামলা।
এদিকে নুরুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই আকবরশাহ থানার সামনে জড়ো হয় অর্ধশতাধিক নারী-পুরুষ।
এর আগে ২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুকে গ্রেপ্তার করতে আকবরশাহ থানার এক নম্বর ঝিলে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পিছু হটে। এরপর থেকে আত্মগোপনে চলে যায় নুরু।
এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি নোয়াখালীর চর অঞ্চলে অভিযান চালিয়ে নুরুকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যে ঝিল এলাকা থেকে একটি ওয়ান শুটার গান, রিভলবার, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম আলোকিত চট্টগ্রামকে বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি দল নুরুকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


