দেশের জনগণ উন্নয়নের কথা নয়, বাস্তব পরিবর্তন দেখতে চাই। আমি নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবো। সংঘাত নয়, জনগণের আস্থা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় দেখিয়ে নয়, ভোটের মাধ্যমেই জনগণের রায় নিতে চাই। বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবো। সাতকানিয়া-লোহাগাড়াবাসী পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই জনগণকে নিয়ে আমরা এগোচ্ছি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নাজমুল মোস্তফা আমিন নিজের ভাবনা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি কৃষি ও ক্রীড়াখাতকে অগ্রাধিকার দিয়ে লোহাগাড়া-সাতকানিয়ার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির।
মতবিনিময় সভায় বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসএস/আলোকিত চট্টগ্রাম


