রাতে মাছ ধরতে যাওয়া ব্যবসায়ীর সকালে লাশ মিলল লবণের মাঠের গর্তে

বাঁশখালীতে শখের বশে মাছ ধরতে গিয়ে আরিফুর রহমান (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ মৃত্যু নিয়ে এলাকায় রহস্য তৈরি হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে টানা বৃষ্টিতে শখের বশে হাত জাল নিয়ে মাছ ধরতে বের হয়ে নিখোঁজ হন আরিফুর। আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছনুয়ার কোনাখালী লবণের মাঠের গর্ত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরিফুর রহমান ছনুয়া ইউনিয়নের হাজী কালামিয়াপাড়ায় আব্দুর রহিমের ছেলে। তিনি শেখেরখিল ফাঁড়ির মুখ এলাকায় কুলিং কর্ণারের ব্যবসা করতেন।

আরও পড়ুন : সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু—কবরে নয়, লাশ দাফন পাহাড়ে

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুরের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ চলে আসছিল।

এদিকে ব্যবসায়ী আরিফুরের মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে দুধরনের বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আবার কেউ বলছেন, মাছ ধরতে গিয়ে পাশের ধানক্ষেতে ইঁদুর দমনে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা গেছেন। তবে ধানখেতের অদূরে একটি লবণের মাঠে মাছ ধরার জালসহ আরিফুরের লাশ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মং থোয়াই হ্লা চাক আলোকিত চট্টগ্রামকে বলেন, আরিফুর রহমান নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য শুনেছি। নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm