রাউজানে ফিল্মি স্টাইলে খুন যুবদল নেতা, খুনিরা এসেছিল বোরকা পরে

রাউজানে ফিল্মি স্টাইলে দিনদুপুরে বোরকা পরে এসে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে মো. সেলিম (৪০) নামে এক যুবদল নেতাকে খুন করেছে সন্ত্রাসীরা।

রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে ফিল্মি স্টাইলে খুন, কালো গাড়িতে এসেছিল বুড়ির নাতিসহ ৩ যুবক

প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, আমার চাচি শাশুড়ির জানাজায় গিয়ে সেখান থেকে মেয়ে সাবরিনাসহ মোটরসাইকেলে আমাদের খামার বাড়িতে যাওয়ার সময় ঈশান ভট্টের হাটে ওষুধ কিনতে দাঁড়ায়। ওষুধ কিনে মোটরসাইকেলে উঠার সময় হঠাৎ একটি অটোরিকশা থেকে বোরকা পরা দুজন অস্ত্রধারী বের হয়ে গুলি করে। গুলিতে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন। বোরকা পড়লেও দুজনই পুরুষ। একজন লম্বা চওড়া। পরে আমিসহ কয়েকজন মিলে আরেকটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত সেলিম কয়েক বছর ধরে মুরগির খামারসহ বিভিন্ন পশু লালন-পালন করার জন্য খামারবাড়ি গড়ে তোলেন কদলপুরে। পাশাপাশি বালুর ব্যবসাও করতেন। তবে কী কারণে, কে বা কারা তাকে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm