মৃত্যুদণ্ডের রায়ে বিচারক—সিরিয়াল কিলার হতে যাচ্ছিল সোলাইমান

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে সাত বছরের শিশু মাহিয়া ধর্ষণের পর খুনের ঘটনায় আসামি মো. সোলাইমানকে (৩২) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে অপহরণ ও মৃতদেহ গুমের দায়ে আসামি সোলাইমানকে দুই ধাপে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সোলাইমান উখিয়ার পালংখালী চাকমারকুল এলাকার সৈয়দ করিমের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজের সুবাদে মাহিয়ার চাচার বাড়িতে ভাড়ায় থাকতেন সোলাইমান। ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পর খেলতে বের হওয়া মাহিয়াকে কৌশলে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি। মাহিয়া অজ্ঞান হলে শ্বাসরোধে খুন করে মরদেহ পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের লবণক্ষেতে ফেলে দেন। পরদিন পুলিশ সোলাইমান এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন টিটু বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোলাইমানকে হত্যা, অপহরণ, মৃতদেহ গুমসহ একাধিক ধারায় মৃত্যুদণ্ড, দুই ধাপে যাবজ্জীবন এবং সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক রায়ে উল্লেখ করেন, সোলাইমান একজন সিরিয়াল কিলার হিসেবে পরিচিত হতে যাচ্ছিল। তাকে এখনই থামানো না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। কারণ এর আগে তিনি টেকনাফে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছিলেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিশুর বাবা, আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের দাবি, তারা ন্যায় বিচার পায়নি এবং উচ্চ আদালতে আপিল করবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm