মিরসরাইয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ, পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের

মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরসরাই কলেজ রোডে এই উচ্ছেদ অভিযান চালান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় মীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্ত অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথসহ পৌরসভা, ভূমি ও মিরসরাই থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাই কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে মিরসরাই কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্ন হচ্ছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে এখানে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদার টোল নিয়ে যাচ্ছে। কলেজ রোড়ে মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকশার কারণে। আমরা চাই আমাদের পুনর্বাসন করা হোক। অন্যথায় পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm