ছোট ভাইকে মেরে টাকাসহ দামি জিনিসপত্র ট্রাকে করে নিয়ে গেল মেজো ভাই
রাউজানে ছোট ভাইকে মেরে আহত করেছেন মেজো ভাই। এরপর তাঁর ঘর থেকে চার লাখ ৪৭ হাজার টাকা, এলইডি টিভিসহ দামি জিনিসপত্র ট্রাকে করে নিয়ে গেছেন।
এ ঘটনা উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহমেদ মাস্টার বাড়ির।এ ঘটনায় রোববার (১ মার্চ) রাতে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন ছোট ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৫/৬ জন অজ্ঞাত লোক নিয়ে আব্দুল নুরের ঘরে ঢুকে আবুল বশর ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া তানজু। এরপর দরজা-জানালা ভাংচুর করে। এ সময় আব্দুল নুর চাকরির কর্মস্থল ফটিকছড়ি ছিল।
পরে খবর পেয়ে বাড়ি ফিরে এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারঁ উপর হামলা করেন মেজো ভাই বশর। হামলায় নুরের দুই হাতের আঙুল ভেঙে যায়। মাথায় ও শরীরে আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
আহত আব্দুল নুর বলেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমার মেজো ভাই লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট করার খবর পেয়ে বাড়ি এলে আমার ওপর অতর্কিত হামলা করে। আমার কাছে থাকা কোম্পানির চার লাখ ৪৭ হাজার টাকা, একটি এলইডি টিভিসহ দামি জিনিসপত্র একটি ট্রাকে করে তুলে নিয়ে যায়। আমি ন্যায় বিচার চেয়ে থানায় মামলা করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে আবুল বশর ও আব্দুল নুরের মা ফিরোজা বেগম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার মেজো ছেলে বশর পরিবারের অবাধ্য সন্তান। আমার অপর দুই ছেলের ওপর সবসময় অত্যাচার-অবিচার করে থাকে। আমি এর প্রতিবাদ করলে, আমার ওপরও চড়াও হয়। আমাকেও সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি এর বিচার চাই।
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মারামারির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


