রাউজানে সাতসকালে ব্যবসায়ী লাশ, নারী—শিশুসহ রক্তাক্ত ৩

রাউজানে সাতসকালে এক দরিদ্র ব্যবসায়ী লাশ হয়েছেন। রক্তাক্ত হয়েছেন নারী-শিশুসহ ৩ জন। কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এমনটি হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দিন (৪৪)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার আতুরনীর ঘাটার অদুদ চৌধুরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চার মেয়ের বাবা।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আমির হোসেন (৬০) ও সুপারভাইজর মো. ফারুককে (২৮) আটক করেছে পুলিশ। আমির হোসেন ভোলার মৃত আবদুল হাকিমের ছেলে। মো. ফারুক মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম নগরে থেকে ফটিকছড়ি ছেড়ে আসা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানের সঙ্গে গহিরামুখী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসায়ী নাজিম। আহত অটোরিকশা চালক ধনা মিয়াসহ নারী ও শিশু মিলে আরও তিনজনকে উদ্ধার করা হয়। তাদের প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকদাইর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দিন। তাঁর চার মেয়ে রয়েছে। তিনি চট্টগ্রাম নগর থেকে কাঁচামরিচ ও ধনেপাতা এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুল ইসলাম ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে রয়েছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm