হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতির স্ত্রী আলোচিত তামান্না শারমিনকে এবার ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
রোববার (১৩ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হজ।
এর আগে বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে তাঁকে আগাম জামিন দেন।
আরও পড়ুন : আগাম জামিন নিলেন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না
এদিকে গত মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তামান্নার ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে স্বামী সন্ত্রাসী সাজ্জাদকে কোমরে রশি বেঁধে উপজেলা ও নগর ঘুরিয়ে পুলিশের মাইকিংয়ের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করার হুমকি দেন তামান্না।
এর আগে গত ১৬ মার্চ সকালে তামান্নার প্রথম ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৫৮ সেকেন্ডের সেই ভিডিওতে তামান্না বলেন, বান্ডিল বান্ডিল, কাড়ি কাড়ি টাকা ছেড়ে ১০ থেকে ১২ দিনের মধ্যে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনবেন। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দেন তামান্না।
এদিকে প্রথম ভিডিও পর দৃষ্টি আকর্ষণ করা হলে তামান্নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ।
অন্যদিকে ৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত সন্ত্রাসী সাজ্জাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগরের চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৬ মার্চ একই মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম
