কর্ণফুলী শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আঙ্কুর মেম্বারের হুঁশিয়ারির ৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন দলের অফিস ভাঙচুরে অভিযুক্ত মোহাম্মদ আলী (৪০)।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১টার দিকে শিকলবাহা সিডিএটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১০ জানুয়ারি শিকলবাহায় শ্রমিক দলের অফিস ভাঙচুর করা হয়।
আরও পড়ুন : বদলির পরও বহালতবিয়তে প্রকৌশলী জাহিদুল, ‘তড়িঘড়ি’ একের পর এক প্রকল্প চলছে টেন্ডার ছাড়াই
গ্রেপ্তার মোহাম্মদ আলী কর্ণফুলীর শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের আমশাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
এদিকে ভাঙচুরের ঘটনার পরই কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এরপর শুক্রবার রাত ৯টার দিকে শ্রমিক দলের কর্মিসভায় সভাপতির বক্তব্যে তৈয়বুল আলম আঙ্কুর মেম্বার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দুদিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ বলেন, গ্রেপ্তার আলীর বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি। তাই মহানগর আইনে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন অফিসে পাথর ছুড়েছেন।
আলোকিত চট্টগ্রাম
