চীনা কর্মকর্তাদের জন্য চালু হলো বাংলা ভাষা কোর্স

বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে উদ্বোধন হলো ‘মিডিয়া ওপেন ডে এবং ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স’।

স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা— প্রতিপাদ্যে এ উদ্যোগ নিয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি)। বুধবার (২৯ মে) রাজধানী ঢাকার কেরানীগঞ্জে চায়না রেলওয়ের ডিভিশন-১ এর সম্মেলন কক্ষে বাংলা ভাষা শিক্ষার এ কোর্স উদ্বোধন করা হয়।

কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। তিনি বলেন, এই কোর্স শেষে সিআরইসি’র কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে, কর্মীদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ ও যুক্ত হতে পারবেন। পাশাপাশি তারা উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিআরইসি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশে নানাবিধ কার্যক্রমের ভিডিও চিত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চায়না রেলওয়ের অবস্থান, সেখানে পরিচালিত কার্যক্রমও তুলে ধরা হয়। এরপর বাংলাদেশে সিআরইসির বেশ কয়েকটি শাখা অফিসের চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের অনুভূতি এবং অভিজ্ঞতার প্রামাণ্যচিত্র প্রচার করা হয়।

এছাড়া অনুষ্ঠানে চীনে আসন্ন ড্রাগন বোট উৎসব নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক নিলু আক্তার। এরপর উপস্থিত অতিথিদের মধ্যে ড্রাগন বোট উৎসবকেন্দ্রিক জনপ্রিয় খাবার চৌং জি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের একেবারে শেষে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং চায়না মিডিয়া গ্রুপ যৌথভাবে একটি বাংলা গান পরিবেশন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্রিজ রেল লিংক প্রজেক্টের (পিবিআরএলপি) প্রকল্প পরিচালক আফজাল হোসেন, সিআরইসির আঞ্চলিক সদর দপ্তরের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে চায়না রেলওয়ে গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ওয়াং হংপো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm