১ সপ্তাহ পর নগরের ৭ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ

টানা এক সপ্তাহ পর বন্দরনগরী চট্টগ্রামের রাস্তায় দায়িত্ব পালনে নেমেছে ট্রাফিক পুলিশ সদস্যরা। শুরুতে নগরের সাতটি পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে আছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আজ সকাল থেকে নগরের আগ্রাবাদ, টাইগারপাস, লালখানবাজার, ওয়াসা ও জিইসি মোড় ঘুরে দেখা গেছে, ট্রাফিক পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সঙ্গে আছেন শিক্ষার্থী, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। এসময় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয় পুলিশ সদস্যরা।

আরও পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে নগরে পুলিশের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরপর ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এক সপ্তাহ ধরে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে সকাল থেকে রাত পর্যন্ত। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। পরে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আনসার বাহিনীও ট্রাফিকের দায়িত্বে ন্যস্ত হয়।

ট্রাফিকের দায়িত্ব পালনকালে নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের ওপর বর্বরোচিত হামলার কারণে শঙ্কায় ছিলাম। কর্মস্থলে যোগ দিলেও রাস্তায় নামতে কিছুটা ভীতি কাজ করছিল। কিন্তু কাজে যোগ দিয়ে সেই শঙ্কা কেটে গেল। শিক্ষার্থী ও সাধারণ মানুষ আামাদের স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল থেকে নগরের সাতটি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ সারাদিন সাধারণ মানুষের ভালো রেসপন্স পেয়ে সবাই আনন্দিত।

তিনি আরও বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে সেবার পরিধি আরও বাড়ানো হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে নগরের সব এলাকায় আগের মতো ট্রাফিক পুলিশরা কাজ শুরু করবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm