হঠাৎ উল্টে গেল গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া ট্রাক, মুহূর্তেই লাশ ভিক্ষুক

মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পেশায় ভিক্ষুক রহমানের চোখে সমস্যা ছিল। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৮৪৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় ৷ উল্টে যাওয়ার আগে পাশে থাকা ভিক্ষুক রহমানকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান৷

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm