মিরসরাইয়ে তিন মোটরসাইকেলসহ ধরা খেল ৬ চোর

মিরসরাইয়ে ৬ মোটরসাইকেল চোর ধরা পড়েছে। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. আব্দুল হালিম।

গ্রেপ্তাররা হলেন— করেরহাট ইউনিয়নের পূর্ব আলিনগর এলাকার মৃত মো. মানু মিয়ার ছেলে মো. জামশেদ হোসেন প্রকাশ শুভ (২৩) ও মো. পিন্টু মিয়ার ছেলে মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার মৃত ছানা উল্লাহর ছেলে সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪) ও আনোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৮) এবং ইছাখালী ইউনিয়নের দেওখালী এলাকার শামসুদ্দিনের ছেলে মো. মাশরাফি (২০)।

ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেল চোরচক্রের কয়েকজন সদস্য মোটরসাইকেল বেচার জন্য বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের বসতঘর থেকে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ইয়ামাহা কোম্পানির আর-১৫ মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার করেরহাট বাইক ল্যাব নামের মোটরসাইকেলের গ্যারেজ থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। যার একটি ছিল হিরো, অন্যটি প্লাটিনা মোটরসাইকেল। আইনগত ব্যবস্থা শেষে আসামিদের আদালতে পাঠানো হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm