মা সুমি আক্তারের (২৮) পাশে ঝুলছিল দেড় বছরের মেয়ে ওয়াসিহার লাশ। এই মৃত্যু ঘিরে আনোয়ারাজুড়ে এখন নানা প্রশ্ন। সুমিকে খুন করা হয়েছে, অভিযোগ তার বোন বেবীর।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন— কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ মিজানের স্ত্রী সুমি আক্তার ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা। তারা বৈরাগের আশ্রয় প্রকল্পে বসবাস করতো।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস জানান, মিজানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁর ন্ত্রী ও মেয়ের মরদেহ ঝুলে আছে। খবর দিলে পুলিশ এসে মরদহ উদ্ধার করে।
এদিকে সুমির বড় বোন বেবি আক্তার অভিযোগ করেন, আমার বোন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করছিল।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত চট্টগ্রাম

