মাতামুহুরীতে পশু চিকিৎসক খুন

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে লবণের মাঠে জুতা হারানোর জের ধরে মেহেদী হাসান সাকিব (৩০) নামে এক পশু চিকিৎসক খুন হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতডালিয়াপাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট লবণের মাঠে কাজ করার সময় এক শ্রমিকের স্যান্ডেল হারিয়ে যায়। স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের কয়েকজন লোক তর্কাতর্কির পর সাকিবের ওপরে হামলা চালায়। এরপর লবণ খেত থেকে এলাকায় এলে ফের হামলার শিকার হন সাকিব।

নিহত পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু, ইমন, রোকন, জীবন, জিহানসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে ঢুকে ভাংচুর ও হামলা চালায়। হামলায় সাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫) এবং দুই ভাই আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এখনো খুনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে পারেনি। কারা ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত হলে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm