বেপরোয়া হানিফ বাসে শিশু লাশ

লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ সুরাইম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে চুনতি ইউনিয়নে মিডওয়ে-ইন রেস্টুরেন্টে এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইম উপজেলার চুনতি নলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বেলালের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে চুনতির দক্ষিণে নলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডের দারুল কোরআন ইবতেদায়ী মাদরাসা গেইটের সামনে মহাসড়ক পার হচ্ছিল শিশু সুরাইম। এ সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-২৯৭১) একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনার বিষয়ে আমরা আগে খবর পাইনি। আপনাদের মাধ্যমেই  জানতে পারলাম। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm