অবশেষে উদ্ধার হলো রাউজান ও হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী হালদা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো থেকে পড়ে নিখোঁজ তরুণ মো. ইয়াসিন বখতিয়ার (২১)। নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালদা নদীর লাঙ্গলমোড়া অংশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত ইয়াসিন বখতিয়ার রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর এলাকার আজিজুর রহমান চৌধুরীর বাড়ির আবদুল মিস্ত্রির ছেলে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১টার তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ইয়াসিন বখতিয়ার ওই বাঁশের সাঁকো পার হচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত সাঁকো থেকে হালদা নদীতে পড়ে তিনি প্রবল স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ ১৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত পৌনে ১টার দিকে নদীর লাঙ্গলমোড়া অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, বখতিয়ার মৃগী রোগী ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় পশ্চিম নদীমপুর ফতেহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
একটি সেতুর অভাবে যুগ যুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি— এই তিন উপজেলার হাজার হাজার মানুষ। হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া বাজার-সংলগ্ন হালদা নদীর অপর পাড়ে রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর, নদীমপুর এবং ফটিকছড়ি উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর ও জাফতনগর এলাকা অবস্থিত। শুষ্ক মৌসুমে এই তিন উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও অটোরিকশা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে। আর বর্ষা মৌসুমে নৌকায় করে নদী পারাপার হতে হয়। দীর্ঘদিন ধরে এই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনতা।
এসএ/আলোকিত চট্টগ্রাম


