দরবেশ সেজে নিয়ে গেল নারীর কানের দুল!

মিরসরাইয়ে চলন্ত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হালিমা বেগম (৬০) একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগম বলেন, সকালে অটোরিকশা করে মেয়ের বাড়িতে যাচ্ছিলাম। চালক আমাকে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় চালককে। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই অটোরিকশায় উঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে আমার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানোর’ কথা বলে একটি পাঁচ টাকার নোট আমার নাকের কাছে ধরলে আমি অচেতন হয়ে পড়ি।

তিনি আরও বলেন, এরপর তারা আমাকে মহাসড়কের নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর বুঝতে পারি আমার কানে থাকা সাড়ে ৪ আনা ওজনের দুল নিয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানাই।

জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm