চকরিয়ায় বসতঘরেই অস্ত্রের কারখানা গড়ে তুলেছেন নুরুল আলম। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে ধরা পড়েছে তার এ অস্ত্রের কারখানা। বিপুল পরিমাণ অস্ত্র তৈরির মেশিন ও সরঞ্জামসহ আটক করা হয়েছে নুরুল আলমকে।
মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন : চট্টগ্রামে গোপন অস্ত্রের আস্তানা ভাবিয়ে তুলেছে পুলিশকে
আটক নুরুল আলম একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভৈরম্যারঘোনা একটিক্কাখালী গ্রামের আবদুল বসুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুল আলম নিজের ঘরে দেশি অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেন। এখান থেকে তৈরি করা অস্ত্র উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। মঙ্গলবার রাতে তার ঘরে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির মেশিন ও সরঞ্জামসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এমকেডি/আরবি


