‘গাজা’ ইস্যুতে উত্তাল চট্টগ্রাম, দুপুরের পর থেকে শুরু ভাঙচুর

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনতা ও বিভিন্ন সংগঠন। এসময় বিক্ষোভ মিছিল থেকে বিক্ষুব্ধ জনতা হঠাৎ ভাঙচুর শুরু করে। কেএফসি, পিৎজা হাট, ডমিনোজ পিজা রেস্টুরেন্ট, পুমা ও বাটার দোকানে ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরের লালখানবাজার, জিইসি, কাজির দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, দুনম্বর গেটসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ৩টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে বিক্ষোভ মিছিল করে অল স্টুডেন্টস ইউনিটি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখা, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ইউনিটি ফোর্স বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি সংগঠন।

আরও পড়ুন :  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করতে চলছে আন্দোলন, ৩০ এপ্রিলের পর কঠোর কর্মসূচি

এরপর বিকেল ৪টার দিকে মিছিলটি সানমার ওশান সিটি শপিং মল সংলগ্ন কেএফসি রেস্টুরেন্ট সামনে এলে হঠাৎ মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় রেস্টুরেন্টের সামনের অংশের কাচ ভেঙে যায়। এরপর জিইসির পিৎজা হাট রেস্টুরেন্টে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। পরে মিছিলটি জিইসি মোড় হয়ে ২ নম্বর গেটের দিকে যায়। জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের ওপরে থাকা কোকাকোলার সাইনবোর্ডটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এসময় জামান হোটেলের সামনের কাচ এবং ভবনের কাচও ভেঙে পড়ে যায়।

পরে বিক্ষোভকারীরা ওয়াসার মোড়ের দিকে চলে যায়। বিকেল সাড়ে চারটার দিকে লালখানবাজার এলাকায় একটি মিছিল থেকে পুমাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করা হয়।

এদিকে কাজির দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

অন্যদিকে জামালখান এলাকার ডমিনোজ পিজা, চেরাগী মোড়ের পিজা হাটের সাইনবোর্ড ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এছাড়া জান্নাত নামের একটি খাবারের দোকান থেকে অ্যাকোয়াপিনা পানির বোতল বের করে এনে রাস্তায় ছুঁড়ে মারা হয়।

এদিকে জামালখান প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশ নেন।

এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা দামপাড়া ওয়াসার মোড় ও জিইসি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে নগরের চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া নগরের টাইগার পাস মোড়েও বিক্ষোভ সমাবেশ হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm