ব্যতিক্রমী আয়োজনে প্রাক-প্রাথমিকের শতাধিক শিক্ষার্থীকে বরণ করেছে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি এসব শিক্ষার্থীকে ফুল ও চকলেট দিয়ে এবং কেক কাটার মধ্যদিয়ে বরণ করে স্কুল কর্তৃপক্ষ। এমন উদ্যোগে দারুণ খুশি শিশুরা, আনন্দিত অভিভাবকেরাও।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শিশু শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আকতার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, স্কুলের সাবেক প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোছাইন ও সাংবাদিক কাঞ্চন সুশীল।

সহকারী শিক্ষিকা নীলিমা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমেনা আক্তার খানম।
প্রধান অতিথি মো. হিন্দোল বারী বলেন, উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এমন আয়োজন চালু করা গেলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও উৎসাহিত হবে।
কেএস/ আলোকিত চট্টগ্রাম


