অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে একদিনের স্বপ্ন পূরণের অনুষ্ঠান ‘গিফট এ ডিনার’ নামে অনন্য এ আয়োজন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানে ছিল শতাধিক অধিকারবঞ্চিত শিশু। অভিজাত পরিবেশে অধিকারবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি বাড়িয়ে দিয়েছিল ওদের আত্মবিশ্বাস।
অনুষ্ঠানে শিশুদের মনমুগ্ধকর পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, মূকাভিনয়, গান, নৃত্য, দেশাত্মবোধক সংগীত এবং অধিকারবঞ্চিত শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী ফ্যাশন র্যাম্প শো।
শিশুদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের পোশাক ও উপহার বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি ও আনন্দ আরো দ্বিগুণ করে তোলে।
ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাসুমের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি সনাকের সহসভাপতি ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোপ্রধান সাইফুল ইসলাম শিল্পী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ, জেসিআই চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি নাহিদ মঈন, চট্টগ্রাম মুদ্রন শিল্প সমিতির সভাপতি এম এ করিম, আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন, ফ্যাশন ফর লাইফের সহপ্রতিষ্ঠাতা শিহাব সাগির, চট্টগ্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জিসান, বাতি’র প্রতিষ্ঠাতা শামীমা শীলা, ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সুমন, লামোর ইভেন্টের সাফায়েত সাকি ও সাদ শাহরিয়ার, নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাকিব উদ্দিন। এছাড়া গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যেন সমাজের মূলধারায় নিজেদের অবস্থান তৈরি করতে পারে সমাজের প্রতিটি সামাজিক সংগঠনের সেদিকে নজরদারি খুবই প্রয়োজন।
এ আয়োজন অধিকারবঞ্চিত শিশুদের জন্য শুধু আনন্দের আয়োজন নয়, বরং স্বপ্ন দেখার, নিজেকে প্রকাশ করার এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ করে দিয়েছে।
আলোকিত চট্টগ্রাম
