মালিককে খুন করে হাইয়েস গাড়িতে ৩টি গরু লুট ডাকাতদের

গভীর রাতে গ্রাম থেকে গরু লুট নতুন কিছু নয়। তবে এবার শুধু গরু লুট নয়, লুটের সঙ্গে ঘটেছে খুনের ঘটনাও।

চন্দনাইশ উপজেলায় ঘটেছে এমন ঘটনা। ডাকাতদের গুলিতে খুন হয়েছেন গরুর মালিক ৭০ বছরের চন্দন দে। এরপর ডাকাতরা চন্দন দে’র বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে লুট করে নিয়ে যায় তিনটি গরু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের আগমুহূর্তে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর গাছবাড়িয়ায় ঘটে এ ঘটনা। নিহত চন্দন দে ওই এলাকার মৃত রেবতী দে’র ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরের আগমুহূর্তে একটি হাইয়েস গাড়ি নিয়ে ৫ থেকে ১০ জন ডাকাত গাছবাড়িয়ার চন্দন দে ও নিতাই দে’র বাড়ির গোয়ালঘরে হানা দেয়। ডাকাতরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে বাধা দেন চন্দন দে। তখন তাকে গুলি করে ডাকাতরা। এরপর ডাকাতরা হাইয়েস গাড়িতে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

এদিকে গুরুতর আহত অবস্থায় চন্দন দে’কে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়ি নিয়ে যান।

যোগাযোগ করা হলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm