মিরসরাইয়ে জরিমানা করা হয়েছে বিএনপি প্রার্থী নুরুল আমিনের এক সমর্থককে। পিকআপে রঙিন ব্যানার ফেস্টুন সাজিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা করায় মোহাম্মদ তারেক নামে ওই সমর্থককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযানে মোহাম্মদ তারেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ তারেক উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একটি পিকআপে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সাজিয়ে ধানের শীষের প্রচারণা চালাচ্ছিলেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘিত হয়। পরবর্তীতে বিধি ২৭(ক) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তারেককে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অভিযানের পর সংশ্লিষ্ট যানবাহন থেকে সকল প্রচারসামগ্রী অপসারণ করা হয়। উপস্থিত প্রার্থীর কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। জরিমানার অর্থ প্রার্থীর সমর্থক হক সাহেব পরিশোধ করেন। ঘটনাটি প্রার্থীর অগোচরে ঘটেছে, এতে প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন।
এএ/আলোকিত চট্টগ্রাম


