পটিয়ায় ১৬ কোটি টাকার দুই প্রকল্পের সূচনা

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় উন্নয়নের নতুন বার্তা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার হাত ধরেই প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ দুই প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এলজিইডি প্রকল্পে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে শোভনদণ্ডী হয়ে মুরালি হাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সড়কটি বর্ষা মৌসুমে জনদুর্ভোগের প্রধান কারণ ছিল।

নির্মাণকাজ শেষ হলে কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানো, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া, সবই হবে সহজ ও নিরাপদ।

অপরদিকে ভাইয়ার দীঘি মোড় থেকে অলির হাট পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। বাজারকেন্দ্রিক এই সড়কটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, পটিয়ার মানুষ আমাকে যে আস্থা দিয়েছে, তার মর্যাদা রক্ষাই এখন আমার প্রধান দায়িত্ব। যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। আজকের এই দুটি সড়ক প্রকল্প পটিয়ার সামগ্রিক উন্নয়নের প্রথম ধাপ মাত্র।

তিনি আরও বলেন, আমি চাই পটিয়ার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন পৌঁছে যাক। কোনো অঞ্চল অবহেলিত থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে। এটি কেবল শুরু। পর্যায়ক্রমে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন নিশ্চিত করা হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আমান উল্লাহ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শাহজাহান জুয়েল, আনোয়ার হোসেন মিয়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও ছাত্রদল নেতা এস এম নয়ন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm