রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাট। সেখানেই এক কারখানায় চলছিল নকল নুডলস, সফট ড্রিংক পাউডার ও টেস্টি স্যালাইন উৎপাদন! অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক করেছেন উৎপাদন কার্যক্রমে জড়িত পাঁচজনকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটের পেছনে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।
ভাড়া নেওয়া এই দোকান বাইরে থেকে দরজা বন্ধ রেখে ভেতরে চলছিল ভেজাল পণ্যের উৎপাদন ও মোড়কজাত। কারখানাটিতে উৎপাদিত পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করা হলেও নেই কোনো বৈধ অনুমোদন বা সনদ।
অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন এসব পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার দায়ে কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয়। মালিক উপস্থিত না থাকায় উৎপাদন কাজে নিয়োজিত পাঁচজনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম জানান, অবৈধভাবে বিভিন্ন ধরনের সফট ড্রিংক পাউডার, নুডলস ও স্যালাইন তৈরি করা হচ্ছিল। কোনো পণ্যেরই বৈধ নিবন্ধন বা হালনাগাদ সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, সফট ড্রিংক পাউডারের সনদ হালনাগাদ ছিল না, নুডলসের কোনো সনদই নেই। তদুপরি কোনো পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও পাওয়া যায়নি।
অভিযানে রাউজান থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান।
এদিকে মিয়া মার্কেটের মালিক মো. আক্তার জানান, প্রায় চার বছর আগে দোকানসহ পেছনের অংশটি নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদের কাছে ভাড়া দেওয়া হয়। তিনি ও তাঁর ভাই কামাল উদ্দিন টুটুল কারখানাটি পরিচালনা করতেন বলে দাবি করেন তিনি।
অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ উদ্দিন আহমেদ (রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক) আলোকিত চট্টগ্রামের কাছে দাবি করেন, তিনি এ কার্যক্রমের সঙ্গে জড়িত নন এবং অনেক আগেই সংশ্লিষ্টতা ত্যাগ করেছেন।
এসএ/আলোকিত চট্টগ্রাম


