এক ভবঘুরে নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা ফজলুল করিম চুমকু (৫০)। তিনি উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ হুলাইন গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আমজুর এলাকায় মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল করিম চুমকু মোটরসাইকেলে পটিয়া থেকে বাড়ি ফিরছিলেন। আমজুরহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এক ভবঘুরে নারী মোটরসাইকেলের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গেলে চলন্ত মোটরসাইকেলটি মহাসড়কের একটি গর্তে পড়ে উল্টে যায়। এসময় চুমকু ও গাড়িতে থাকা আরেক আরোহী মোরশেদ (৪০) আহত হন। একপর্যায়ে তারা গাড়িটি গর্ত থেকে উঠিয়ে বাড়ি ফিরে যান।
মোটরসাইকেল চালিয়ে বাড়ি এসে চুমকু বিছানার শুয়ে পড়েন। একপর্যায়ে তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে অটোরিকশায় পটিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চুমকু পেশায় একজন চায়ের দোকানদার। পটিয়ার মনসা বাদামতল মোড় এলাকায় তার চায়ের দোকান রয়েছে। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আমজুফকির জামে মসজিদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
কেএ/আলোকিত চট্টগ্রাম
