শিশুদের গলা চিপে—বউদের মারধর, সেনা সদস্যকে বেঁধে ডাকাতি

পরনের লুঙি দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের হাত-মুখ বেঁধে ফেলল ডাকাতরা। এরপর শিশুর গলা চিপে ধরে। এলোপাথাড়ি মারধর করে বাড়ির বউদেরও। এরপর লুট করে নিয়ে যায় নগদ টাকা ও সোনা।

এ ঘটনা মিরসরাইয়ের উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকায়। সোমবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে ওই এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২৬ হাজার টাকা ও ৪টি মুঠোফোন নিয়ে যায়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যান।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলেন, ডাকাতরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে শিশুসহ পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে ফেলে৷ ঘরের কর্তা সাবেক সেনা সদস্য আবু সুফিয়ানকে পরনের লুঙি দিয়ে হাত-মুখ বেঁধে রাখে। তাঁর দুই নাতি কান্না করলে তাদের গলা চিপে ধরে। ছেলের বউরা চিৎকার দিলে তাদের মারধর করে। এরপর তাঁদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আমার দুই ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম শহরে থাকে৷ ঘরে দুই ছেলের বউ, দুই নাতি আর আমার সহধর্মিণী ছিল৷ ডাকাতরা রাত প্রায় দেড়টা নাগাদ দরজার তালা ভেঙে আমার রুমে ঢুকে কিছু বুঝে উঠার আগে পরনের লুঙি দিয়ে আমার হাত বেঁধে ফেলে৷ ঘরের ভেতর সাতজন ডাকাত ঢুকে। বাইরে আরও কয়েকজন ডাকাত পাহারায় ছিল। তারা যাওয়ার সময় সব রুমের দরজা বন্ধ করে দিয়ে যায়। কিন্তু আমার স্ত্রী রুমের দরজা খোলা ছিল।

আবু সুফিয়ান বলেন, ডাকাতরা আমার দুই নাতির গলা চিপে ধরেছে। ছেলের বউরা চিৎকার দিলে তাদের বেধড়ক চড়-থাপ্পড় ও মারধর করে৷ ডাকাতরা ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার ৭০০ টাকা ও ৪টি মুঠোফোন নিয়ে যায়৷

যোগাযোগ করা হলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে মৌখিকভাবে জানিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

এদিকে একই রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামার থেকে ৭টি গরু চুরি হয়। খামার মালিক রাসেল বিন আলী নেওয়াজ বলেন, তিলে তিলে গড়ে তোলা গরুর খামার থেকে আমার ৫টি এবং চাচাতো ভাইয়ের ২টিসহ মোট ৭টি গরু নিয়ে গেছে চোর। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm