শ্বশুরবাড়ি যাওয়ার পথে মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের (আপ লাইনে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বদি মাস্টার বাড়ির বাসিন্দা আজিজুল হকের ছেলে। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) কারখানায় তিনি ওভারটাইম হিসেবে কাজ করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে আপলাইন দিয়ে হেঁটে খিলমুরালী এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন মহিউদ্দিন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় আপলাইনে পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পড়ে মহিউদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার সময় পেছন দিকে থেকে তাকে একাধিকবার ডাকা হলেও তিনি শুনেননি। কারণ ওইসময় উভয় লেন দিয়ে ট্রেন চলাচল করছিল। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম
