ওভাল অফিসে সাক্ষাতের পর সোমবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানান। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমি গাজায় যুদ্ধের ইতি টানতে আপনার (ট্রাম্পের) পরিকল্পনা সমর্থন করি।
তিনি বলেন, যদি হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, মেনে নিয়ে পরে পিছিয়ে যায়, তবে ইসরায়েল নিজেই নিজের লক্ষ্য পূরণ করবে। এটি সহজ পথে করা যাবে, বা কঠিন পথে। কিন্তু এটি করা হবে।
নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ধাপগুলো ব্যাখ্যা করেন। প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্তি দেওয়ার পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন, যার দায়িত্ব হবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা এবং গাজাকে সামরিকীকরণমুক্ত করা। যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, আমরা স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে পারব, যোগ করেন নেতানিয়াহু।
এর আগে ট্রাম্প বলেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাবে সম্মত হয়েছেন। হামাস যদি এই প্রস্তাব মেনে চলে, তাহলে বন্দীরা মুক্তি পাবে এবং যুদ্ধ শেষ হবে।
আলোকিত চট্টগ্রাম
