সাতকানিয়ায় খালের পানিতে ভাসমান অবস্থায় মাদ্রাসাছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের নিচে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইয়াছিন আরাফাত সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। সে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
ইয়াছিন আরাফাতের মা বাবলী বেগম বলেন, আমরা স্বপরিবারে পুরান ঢাকায় বসবাস করতাম। পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় আমার ছেলে ইয়াছিন আরাফাত পড়ালেখা করত। গত ৩০ আগস্ট আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সবাই গ্রামের বাড়ি চলে আসি। এখানে আসার পর ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজখানায় ভর্তি করিয়ে দিই। আজ সকালে খবর পাই, আমাদের পাড়ার পাশের খালে একটি লাশ ভাসছে। সেখানে গিয়ে দেখি ওই লাশ আমার ছেলের।
আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আছরের নামাজের পর মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়েছিল। ১ ভাই ও ১ বোনের মধ্যে আরাফাত বড় ছিল।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, পৌরসভার চরপাড়ার খালে ভাসমান অবস্থায় মাদ্রাসাছাত্রের লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
