‘ফাঁদ’ হাতির—মারা গেল ‘মানুষ’

আনোয়ারায় হাতির আক্রমণ থেকে ধানখেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে মারা গেছে জাহেদ খান (১৮) নামের এক যুবক। আহত হয়েছেন আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুজন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জাহেদ খান খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে জাহেদ সবার ছোট। তিনি পরিবারের খেত-খামার দেখভাল করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মতো আমার ভাই গরু দেখভালের জন্য বিলে আসে। এ সময় সে হাতির আক্রমণ ঠেকানোর জন্য স্থানীয় জাফর মাস্টারের ছেলের দেওয়া ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন আহত হয়। তাদের সবাইকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।

এদিকে জাফর মাস্টারের এক ছেলে মাসুদ বিন জাফর বলেন, ওই জায়গাটিতে আরও কয়েকজনের বৈদ্যুতিক ফাঁদ আছে। কাদের ফাঁদে আটকে ছেলেটির মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত নয়।

আরেক মৃত্যু

এর আগে দুপুর ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দালানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামে আরেক যুবকের মৃত্যু হয়। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে৷ দুভাইয়ের মধ্যে সে ছোট।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনতাছির জাহেদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া বরুমচড়ার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm