মায়ের মামলায় স্ত্রী—সন্তান জেলে, পৃথিবীটাকেই ছাড়লেন নেজাম

পটিয়ায় মায়ের দায়ের করা মামলায় স্ত্রী ও শিশু সন্তান জেলে যাওয়ায় অপমানে পৃথিবীটাকেই বিদায় জানালেন মো. নেজাম উদ্দিন (৩০) নামের এক যুবক।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নেজাম নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করেন। তিনি হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, নেজাম উদ্দিনের মা রাশেদা বেগম ও স্ত্রী বেবি আকতারের ঝগড়া হয়। তাঁরা বউ-শাশুড়ি সম্পর্কে ফুফু-ভাতিজি।

এদিকে ঝগড়ার জেরে চলতি বছরের ১৬ জানুয়ারি রাশেদা বেগম পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় নেজামের স্ত্রী বেবি আকতারকে। মায়ের দায়ের করা সেই মামলায় রেহাই পাননি নেজাম উদ্দিনও।

আদালত সেদিন মামলাটি আমলে নিয়ে পটিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। প্রায় সাত মাস পর গত ২৬ আগস্ট পটিয়া থানা পুলিশ মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেন। আদালত তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা জারি করার পর গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে মামলার আসামি নেজাম স্ত্রীসহ আদালতে স্বেচ্ছায় হাজির হন। এদিন আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ মামলার প্রধান আসামি বেবি আকতারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর স্বামী নেজাম উদ্দিনকে মামলায় জামিন দেন।

এদিকে মায়ের মামলায় স্ত্রী ও ছোট্ট শিশু জেলে যাওয়ার অপমান সইতে না পেরে শুক্রবার রাত বারোটার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহনন করেন নেজাম।

শুক্রবার মধ্যরাতে পাশ্ববর্তীরা ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢুকে দেখতে পান নেজাম গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ অবস্থায় স্থানীয়রা পটিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আজ (৩০ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, বউ-শাশুড়ির পারিবারিক ঝগড়া বিবাদের জেরে শাশুড়ির দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গত বৃহস্পতিবার নেজাম উদ্দিনের স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন এ মামলায় নেজাম উদ্দিনকে জামিন দেন আদালত। বউ-শাশুড়ি সম্পর্কে ফুফু-ভাতিজি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm