বোয়ালখালীতে নিবন্ধন ছাড়াই চিকিৎসা দেওয়ায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসাকেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকার রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।
অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদন ও নিবন্ধন ব্যতীত প্রসূতিদের চিকিৎসাসেবা প্রদান, প্রেসক্রিপশনে ওষুধ লেখাসহ বিভিন্ন অভিযোগে মরিয়ম নূর দাতব্য চিকিৎসাকেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় রোকেয়া বেগম (৪৮) নামের একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, নিবন্ধনহীন চিকিৎসাসেবার অপরাধে লাখ টাকা জরিমানার পাশাপাশি অনুমতি না পাওয়া পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে।
এসএনই/আলোকিত চট্টগ্রাম
